টঙ্গীবাড়ী প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ। অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মাদক সংক্রান্ত মামলার আসামিদেরও আটক করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টঙ্গীবাড়ী থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে সিআর (কোর্ট) সাজা পরোয়ানাভুক্ত ১ জন আসামি, জিআর (জেনারেল রেজিস্টার) সাজা পরোয়ানাভুক্ত ১ জন আসামি, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার মামলার ১ জন আসামি, ৩ পুরিয়া গাঁজা উদ্ধার সংক্রান্ত ঘটনায় মোবাইল কোর্ট কর্তৃক ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত ১ জন এবং দস্যুতা মামলার এজাহারনামীয় ১ জন আসামিকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে দায়ের করা বিভিন্ন মামলার প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সংশ্লিষ্ট মামলার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত সকল আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
টঙ্গীবাড়ী থানা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, ডাকাতি, দস্যুতা ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “মুন্সীগঞ্জ জেলাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”