টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার তালতলা-ডহরী খালের ভাঙনে ঝুঁকির মুখে পড়েছে গোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরিস্থিতি পরিদর্শনে বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ ও খালসংলগ্ন ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের ক্ষয়ক্ষতি এবং ভাঙনের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
ইউএনও তাহমিনা আক্তার বলেন, বিদ্যালয়ের অবকাঠামো রক্ষা এবং শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, তালতলা-ডহরী খাল দিয়ে নিয়মিত বাল্কহেড চলাচলের ফলে তীব্র ঢেউয়ের সৃষ্টি হয়, যা খালের পাড় ও বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ভাঙনের অন্যতম কারণ। তারা খাল দিয়ে বাল্কহেড চলাচল নিয়ন্ত্রণ বা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবি জানান।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বিদ্যালয় ও আশপাশের এলাকা রক্ষায় দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।