নিজস্ব প্রতিবেদন
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার-এর সভাপতিত্বে আয়োজিত সভায় টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দলসমূহ, খেলার নিয়মাবলি এবং সফল আয়োজন নিশ্চিত এবং লটারীর মাধ্যমে দল নির্ধারণ করে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মো. মোরতেজা এহসান, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ ইব্রাহীম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে উপজেলার তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করা হবে। পাশাপাশি মাদক ও অপরাধ থেকে যুবসমাজকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।