নিজস্ব প্রতিবেদন
মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে শুধু রাষ্ট্র বা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি ও সচেতনতাই তাদের সঠিক পথে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও বাজারে নবকিরণ ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
এমপি আব্দুস সালাম আজাদ বলেন, “আমাদের সন্তানরা আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়ার জন্য দেশি-বিদেশি একটা ষড়যন্ত্রকারী দল বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন পন্থায়, বিভিন্ন উপায়ে আমাদের এলাকায় এবং বাংলাদেশেও এই ইয়াবা অর্থাৎ এই মাদকদ্রব্য পাচার করছে। যার সেবনকারী হচ্ছি আমরা।”
তিনি বলেন, সন্তানদের মাদকের হাত থেকে রক্ষা করার জন্য রাষ্ট্রই যথেষ্ট নয়। পুলিশ বাহিনীও একা যথেষ্ট নয়। ইউএনও কিংবা অন্যান্য কর্মকর্তাদের পক্ষেও এককভাবে এ সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়। অভিভাবকরা সচেতন হলে তবেই সন্তানদের নিরাপদ রাখা সম্ভব।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানরা কার সঙ্গে মেলামেশা করছে, কখন বাড়িতে ফিরছে এবং কখন বাড়ির বাইরে যাচ্ছে—এসব বিষয়ে মা-বাবাকে খেয়াল রাখতে হবে। তাদের চিন্তা, ভাবনা ও চেতনার মধ্য দিয়ে সন্তানদের গড়ে তুলতে হবে।
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে এমপি আব্দুস সালাম আজাদ বলেন, যারা মাদক সেবনে আসক্ত হয়েছেন এবং যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার জন্য অভিভাবক ও এলাকাবাসীর প্রতি তিনি অনুরোধ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের নারী আসনের সংরক্ষিত সদস্য মমতাজ আলো, টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া, উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শেখ সেলিম, সাধারণ সম্পাদক মো. কাইয়ুম ফকির, ইউনিয়ন যুবদলের সভাপতি স্বপন শেখ, সাধারণ সম্পাদক মোবারক হোসেন বুলেট, সোহেল মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহীন ফকির, ইউনিয়ন কৃষকদলের সভাপতি দেলোয়ার রাড়ী এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম বেপারীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।