নিজস্ব প্রতিবেদন
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে বাসটির ৮ যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে মাওয়া পদ্মা সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রীন লাইন এক্সপ্রেস বাসটি পদ্মা সেতুর ঢালে পৌঁছালে বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের রেলিংয়ে ধাক্কা দিলে পরে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহতরা হলেন—মাগুরা সদরের সাইফুল্লাহ (৮০), লুৎফর (৬৩), ফাতেমা (৭) ও শ্রীপুরের সাইফ (২৩); চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০) এবং দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০); এছাড়া ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩)।
ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার তৎপরতার কারণে দুর্ঘটনাকবলিত বাস থেকে আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো সম্ভব হয়।