তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টায় টঙ্গীবাড়ীতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:
তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সংঘটিত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
পিবিআই মুন্সীগঞ্জ জেলা সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ২০২৬ রাতে টঙ্গীবাড়ী থানাধীন মামুদদপুর এলাকায় বাশার গাজী (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পায় পিবিআই। খবর পেয়ে ক্রাইমসিন টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
পিবিআইয়ের তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে শামীম শেখ (৩৯), মো. রাজন (৩৬) ও মো. কাউসার মোল্লা (২৪)-কে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তদন্তে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার দিকে কাউসার রাজনের দোকানে যায়। পরে রাজন, কাউসার ও শামীমসহ কয়েকজন বাশার গাজীর বাড়ির সামনে অবস্থান নেয়। একপর্যায়ে তারা বাশারকে ডেকে বাইরে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রাখা হয়। পরে তার মৃত্যু হলে মরদেহ গোপন করার চেষ্টা করা হয় বলে তদন্তে উঠে আসে।
পিবিআই জানায়, হত্যাকাণ্ডের পর মরদেহ সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার তিন আসামিকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ আদালতে পাঠানো হলে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে পিবিআইয়ের প্রেসরিলিজে উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্ত কার্যক্রম পিবিআই মুন্সীগঞ্জ জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের তত্ত্বাবধানে চলমান রয়েছে।