টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ
টঙ্গীবাড়ী প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৩টি হাট-বাজারে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় টঙ্গীবাড়ী উপজেলা মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব ডাস্টবিন বিতরণ করা হয়।
ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া।
এ সময় বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজারসহ জনসমাগমস্থলে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন ও এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তারা।
ডাস্টবিন বিতরণকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।