টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট করল মোবাইল কোর্ট
আপন সরদার, টঙ্গীবাড়ী প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অনুমতি ছাড়া ড্রেজারের মাধ্যমে জমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থলে থাকা ড্রেজার মেশিন ও পাইপলাইন বিনষ্ট করে অপসারণ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৫টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা গ্রামের ঢালীবাড়ি ও শেখবাড়ি সংলগ্ন মটুকপুর-মান্দ্রা চক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ড্রেজারের মাধ্যমে জমি ভরাট করে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানে সেখানে ড্রেজার মেশিন ও পাইপলাইন পাওয়া গেলেও বালু ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে থাকা ড্রেজার মেশিন ও পাইপলাইন বিনষ্ট করে অপসারণ করা হয়।
অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী বলেন, “অনুমতি ছাড়া ড্রেজারের মাধ্যমে জমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের বিষয়ে কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে ড্রেজার স্থাপন ও জমির শ্রেণি পরিবর্তন রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, কৃষিজমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলতে হবে।