টঙ্গীবাড়ীতে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার, সতর্ক অবস্থানে কিউআরটি
আপন সরদার, টঙ্গীবাড়ী প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসার সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) টঙ্গীবাড়ী থানাধীন পাইকপাড়া কামিনী পালের মন্দির, সোনারং সার্বজনীন শিব ও দুর্গা মন্দির এবং টঙ্গীবাড়ী কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন পুলিশ সুপার। এ সময় সংশ্লিষ্ট পূজামণ্ডপের সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার পিপিএম, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার প্রতিটি এলাকায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে কুইক রেসপন্স টিম (কিউআরটি) সতর্ক অবস্থানে রয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সবার জন্য নিরাপদ ও নির্বিঘ্ন শারদীয় দুর্গাপূজা নিশ্চিত করতে মুন্সীগঞ্জ জেলা পুলিশ বদ্ধপরিকর।