টঙ্গীবাড়ীতে মাদকমুক্ত সমাজ গড়তে বিএনপি নেতা এপোলোর উদ্যোগে সভা
টঙ্গীবাড়ী প্রতিনিধি:
মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে এলাকাবাসীকে নিয়ে এ সভার আয়োজন করেন হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমএ জামান এপোলো।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মরহুম কাশেম সরদারের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় মাদকের ভয়াবহ পরিণতি, যুবসমাজের ওপর এর নেতিবাচক প্রভাব এবং পরিবার ও সামাজিক জীবনে মাদকাসক্তির ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবারকে বিপর্যস্ত করে এবং সমাজে নানা ধরনের অপরাধ ও অস্থিরতা সৃষ্টি করে। তাই মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, এলাকার যুবসমাজই দেশের ভবিষ্যৎ। এই তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করা প্রয়োজন। একই সঙ্গে মাদক ব্যবসা ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীর মধ্যে ঐক্য ও সচেতনতা বাড়াতে হবে।
সভায় উদ্যোগের বিষয়ে এমএ জামান এপোলো বলেন, মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং তাদের সুস্থ ও সুন্দর জীবন গঠনে উৎসাহিত করা জরুরি। এ ক্ষেত্রে অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।
সভায় উপস্থিত ছিলেন আজিজ সরদার, দুলাল গাজী, বাচ্চু গাজী, কাদির বেপারী, ফারুক মৃধ্যা, কালাম কবিরাজ, মাসুম সরদার,সাংবাদিক ফিরুজ আলম বিপ্লব,জাকির খান, যুবদল নেতা মো. হানিফ, জাহাঙ্গীর আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
এ সময় বক্তারা নিজ নিজ পরিবার ও এলাকায় মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।