টঙ্গীবাড়ী কেন্দ্রীয় শিব মন্দিরে উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন
আপন সরদার, টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী কেন্দ্রীয় শিব মন্দিরের সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী মা দুর্গার পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি, ভোগ নিবেদন, আরতি ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মহানবমী উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতিতে এক আনন্দঘন ও ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়। ভক্তরা মা দুর্গার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে নিজেদের ও পরিবারের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।
টঙ্গীবাড়ী কেন্দ্রীয় শিব মন্দিরের সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি মহাদেব ঘোষ ও সাধারণ সম্পাদক গণেশ দেবনাথের নেতৃত্বে পূজার আনুষ্ঠানিকতা পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত দেবনাথ, কার্যকরী সদস্য বিপ্লব ঘোষ ঝন্টু, কার্যকরী সদস্য ও সাংবাদিক টিটু চৌধুরী এবং মুন্সীগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সুজন দেবনাথসহ সুজিত মন্ডল, অমিত দাস, সবুজ দেবনাথ, শুভ দেবনাথ।
মন্দিরের ভক্তবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
মহানবমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ বিরাজ করে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহানবমী উদযাপিত হয়।