মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার নতুনগাঁও এলাকায় অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ও ফেন্সিডিলজাতীয় WINCEREX সিরাপের ৬ বোতলসহ রতন মাঝি (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন নতুনগাঁও এলাকায় মো. রহিমের মালিকানাধীন ‘তাহমিদ অটো পার্টস’ দোকানের সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) রাশেদ মুন্সী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে রতন মাঝিকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার রতন মাঝি ভোলা জেলার চরফ্যাশন থানার আসলামপুর এলাকার হানিফ মাঝির ছেলে। তিনি মুন্সীগঞ্জের দক্ষিণ ইসলামপুর এলাকায় খুকির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।