মুন্সীগঞ্জে মহানবমীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মহানবমীতে মুন্সীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার কালীবাড়ি কেন্দ্রীয় দুর্গা মন্দির, শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির, বাগমামুদালীপাড়া সার্বজনীন দুর্গা মন্দির ও শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর মন্দির পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, যানজট নিরসন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্যাপনে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ, পিপিএম; মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ।