এনসিপির কেন্দ্রীয় কমিটিতে মাজেদুল ইসলাম, পেলেন শিল্প ও বাণিজ্য সম্পাদকের দায়িত্ব
আপন সরদার, মুন্সীগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক মাজেদুল ইসলাম। তাঁর এ পদপ্রাপ্তিতে মুন্সীগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
মাজেদুল ইসলামকে কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, মাজেদুল ইসলাম বর্তমানে এনসিপির মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে জেলার ছয়টি উপজেলার মধ্যে পাঁচটিতে দলটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির মনোনয়নে মুন্সীগঞ্জ-২ আসনে ‘শাপলাকলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মাজেদুল ইসলাম।
সংশ্লিষ্ট নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে তাঁর নতুন দায়িত্ব দেশের ব্যবসায়ী সমাজ, শিল্পোদ্যোক্তা, বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ও করপোরেট খাতের সঙ্গে এনসিপির যোগাযোগ এবং সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।