টঙ্গিবাড়ীতে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
টঙ্গিবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ সজল শেখ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সজলের বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের দিঘীরপাড় বাজার এলাকায় আবুল কালাম আজাদের ডায়াগনস্টিক সেন্টারের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সজল শেখ দিঘীরপাড় ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. নজরুল শেখ ও স্বপ্না বেগমের ছেলে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে টঙ্গিবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ১০০ গ্রাম গাঁজাসহ সজল শেখকে গ্রেপ্তার করেন।
পরে সিডিএমএস (অপরাধী তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি) যাচাই করে তার বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলার তথ্য পাওয়া যায়।
এ ঘটনায় গ্রেপ্তার সজলের বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।