সোহেল টিটু, মুন্সীগঞ্জ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব হাসান সোহাগ বেপারীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেওয়ানকান্দি গ্রামে গ্রামবাসীর সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সোহরাব হোসেন মোল্লা।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব হাসান সোহাগ বেপারী বলেন, নির্বাচিত হলে দেওয়ানকান্দি গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের উদ্যোগ নেবেন। পাশাপাশি এলাকায় মাদক নির্মূল, অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন।
তিনি আরও নারী ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত এবং নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এ সময় দেওয়ানকান্দি গ্রামের বাসিন্দারা ঐক্যবদ্ধভাবে মাহবুব হাসান সোহাগ বেপারীকে সমর্থন জানিয়ে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।