টঙ্গিবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মোঃ বদরুদ্দোজার দিকনির্দেশনায় এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গিবাড়ী থানাধীন উত্তর পাইকপাড়া এলাকায় বিক্রমপুর উত্তর-পশ্চিম পাইকপাড়া জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উত্তর পাইকপাড়া এলাকার মৃত সালাম শেখের ছেলে শিমুল শেখ (২৫) এবং একই এলাকার ভূঁইয়াবাড়ির ইলিয়াস ভূঁইয়ার ছেলে মোঃ রিগান ভূঁইয়া (২৮)।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গিবাড়ী থানার ওসি শামীম আহমেদ জানান, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।