টঙ্গীবাড়ীতে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে মারধর, নারীসহ আহত ২
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের চৌসার গ্রামে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের ঘটনায় নারীসহ দুজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহতরা হলেন হাকিম মল্লিক (৩০) ও তাঁর মা মাকসুদা বেগম (৫৫)।
এ ঘটনায় হাকিম মল্লিক বাদী হয়ে গত ১৫ নভেম্বর (রবিবার) রাতে আওলাদ সরদার, মেহেদী সরদার, রুহেল সরদার, জুনায়েদ সরদার, বিজয় সরদার, ইমন সরদার, মুকুল সরদার, আশিক সরদার, মো. হযরত ও ফরিদা বেগমসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কামারখাড়া ইউনিয়নের চৌসার গ্রামে আমিন উদ্দিন মল্লিকের একটি ছাগল গত রবিবার সকালে প্রতিবেশী আওলাদ সরদারের বাড়ির কাঁঠালগাছের পাতা খেয়ে ফেলে। ওই সময় হাকিম মল্লিক বাড়িতে ছিলেন না। সন্ধ্যায় তিনি বাড়িতে ফিরলে আওলাদ সরদার ও তাঁর লোকজন ছাগল বেঁধে রাখার কথা বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে আওলাদ সরদারসহ কয়েকজন লোহার রড ও কাঠের ডাসা নিয়ে হাকিম মল্লিকের বাড়িতে হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় ঘরের দরজা ও জানালার কপাট ভাঙচুর করে হাকিম মল্লিককে মারধর করা হয়। ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর মা মাকসুদা বেগমকেও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করা হয়। এ ছাড়া তাঁর নাকে থাকা প্রায় সাত হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের নাকফুল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। হামলায় ঘরবাড়ির প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন হাকিম মল্লিক।
হাকিম মল্লিক বলেন, “আওলাদ সরদারের হুকুমে প্রায় ২৫-৩০ জন লোক এসে আমাকে হত্যার উদ্দেশ্যে ঘরের দরজা ভেঙে মারধর করে। এ সময় আমার মাকেও মারধর করা হয়।”
অন্যদিকে, অভিযুক্ত আওলাদ সরদার বলেন, “হাকিম মল্লিক আমার প্রতিবেশী। তাঁর গরু-ছাগল প্রতিদিন আমার বাড়ির গাছপালা খেয়ে ফেলে। গরু-ছাগলের দুর্গন্ধে বাড়ির লোকজন বসবাস করতে পারছেন না। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার গ্রাম্য সালিশও হয়েছে।”
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, “এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”