শ্রীনগরে ৩টি অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বিকাশ মোড়ল গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে খালেদ হাসান বিকাশ মোড়ল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান, একটি এয়ারগানসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বিকাশ মোড়লের বিরুদ্ধে মুন্সীগঞ্জের শ্রীনগর ও ঢাকার দোহার থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১৪টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁর চলাচলের ওপর নজরদারি করছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড পিস্তলের গুলি, একটি দেশীয় এয়ারগান, একটি পাইপগান, চার রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি স্টিলের পাইপ ও অস্ত্র রাখার একটি ব্যাগ।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমানের তত্ত্বাবধানে শ্রীনগর থানার ওসি মো. আতাউর রহমান ও পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।