মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টেঙ্গরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল কুদ্দুস (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার টেঙ্গর এলাকায় এ অভিযান চালানো হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. বদরুদ্দোজার নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় টেঙ্গর এলাকার একটি মুদি দোকানের সামনের পাকা রাস্তা থেকে আব্দুল কুদ্দুসকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল কুদ্দুস টেঙ্গর এলাকার মৃত দাদন মিয়ার ছেলে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।