গজারিয়ায় ডিবি পরিচয়ে মহাসড়কে ডাকাতি, চারজন গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মাইক্রোবাস, লুণ্ঠিত কাভার্ডভ্যানসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজু আহমেদ (৪০), নুরুজ্জামান (২৯), খোরশেদ আলম (৪৫) ও জাকির হোসেন (৩১)। তাদের বাড়ি ঢাকা, লক্ষ্মীপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে ৩০০ বস্তা প্লাস্টিক দানা নিয়ে একটি কাভার্ডভ্যান ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। যার বাজারমূল্য ছিল প্রায় ২০ লাখ ৪০ হাজার টাকা। পরদিন ভোর ৪টা থেকে ৫টার মধ্যে গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় ভূঁইয়া পাম্পের বিপরীত পাশে মহাসড়কে পৌঁছালে একটি সাদা রঙের টয়োটা নোয়া গাড়ি থেকে চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে কাভার্ডভ্যানটি থামান।
এ সময় চালককে মারধর করে গাড়িতে মাদক রয়েছে বলে অভিযোগ তোলেন তারা। পরে চালকের মোবাইল ফোন, গাড়ির চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তাকে নিজেদের গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। একপর্যায়ে কুমিল্লার একটি নির্জন স্থানে চালককে নামিয়ে দিয়ে কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যান তারা। লুণ্ঠিত কাভার্ডভ্যানটির মূল্য প্রায় ২৯ লাখ টাকা।
এ ঘটনায় গজারিয়া থানায় মামলা দায়েরের পর মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ পিপিএমের তত্ত্বাবধানে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। তথ্য বিশ্লেষণ ও পুলিশি কৌশল প্রয়োগ করে ঢাকার বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১২-৮২৪৫ ও ঢাকা মেট্রো-চ ১৪-৬৮৭৪) এবং লুণ্ঠিত নীল-হলুদ রঙের কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে বিভিন্ন সময়ে পুলিশ, ডিবি পুলিশ ও র্যাব পরিচয়ে ডাকাতি ও দস্যুতা করার কথা জানিয়েছেন। এ ঘটনায় আরও দুই থেকে তিনজন জড়িত থাকতে পারেন এবং তাদের কাছে লুণ্ঠিত মালামাল রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তদন্তে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় মামলাটি দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় ডাকাতির মামলায় রূপান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার করা অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে একটি লেজার লাইট (টার্গেট লাইট), সাংবাদিক লেখা প্রেস স্টিকার, জরুরি চিকিৎসক লেখা স্টিকার, একটি ছোট টর্চলাইট ও দুটি লাঠি।