টঙ্গীবাড়ীতে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মারধর ও হত্যার হুমকির অভিযোগ
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে মারধর, গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ছোট ভাই ছাত্তার মোল্লা (৫৪)। এ ঘটনায় প্রতিকার চেয়ে টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ডুলিহাটা এলাকার মৃত চান মোল্লার ছেলে ছাত্তার মোল্লার সঙ্গে তাঁর বড় ভাই শহীদ আলী মোল্লার (৫৬) দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগকারীর দাবি, তাঁর ক্রয়কৃত জমি নিয়ে বিরোধের জেরে গত ২৬ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ডুলিহাটা এলাকায় তাঁর জমিতে শহীদ আলী মোল্লা ট্রাক্টর দিয়ে চাষাবাদ করে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। পাশাপাশি তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে শহীদ আলী মোল্লা বলেন, “আমাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। কিন্তু আমি ছাত্তারকে মারধর করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।”
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”