
টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পূর্বশত্রুতার জেরে মো. রাজু ফকির (৩৮) নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাঁকে টঙ্গীবাড়ী নির্বাচন অফিসের সামনের পুকুরপাড় থেকে উদ্ধার করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে রাজু ফকির তাঁর মিশুক গাড়ি মেরামতের জন্য সোনারং চৌরাস্তায় একটি অটো গ্যারেজে রেখে টঙ্গীবাড়ী বাজারের উদ্দেশ্যে যান। পরে তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
এরপর ১ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে টঙ্গীবাড়ী নির্বাচন অফিসের সামনের পুকুরপাড়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর মাথা, কপাল, ঠোঁট ও ডান পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত এবং বাম পা ভাঙা অবস্থায় ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
আহত রাজু ফকির সোনারং এলাকার বাদল ফকিরের ছেলে। এ ঘটনায় তাঁর মা রিনা বেগম টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ বরাবর অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে পূর্বশত্রুতার জেরে তাঁর ছেলেকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি মো. শামীম আহমেদ বলেন,অভিযোগ পেয়েছি জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।