
বেতকায় ফের চেয়ারম্যান হতে চান রিগ্যান শিকদার, আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক
টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রোকনুজ্জামান শিকদার রিগ্যান আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হওয়ার প্রস্তুতির অংশ হিসেবে এ বৈঠকের আয়োজন করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বেতকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বেতকা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ঢালী, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হাওলাদার, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. টিটু শিকদার, আওয়ামী লীগ নেতা মাসুম শিকদার, ইখতিয়ার হোসেন শিকদার ডলারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উঠান বৈঠকে চেয়ারম্যান রোকনুজ্জামান শিকদার রিগ্যান বলেন, “আমি বেতকা ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। অতীতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। আগামী নির্বাচনেও চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে। জনগণ আমাকে পুনরায় নির্বাচিত করলে অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার পাশাপাশি ইউনিয়নবাসীর সেবা ও এলাকার উন্নয়নে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “আমি সবার সহযোগিতা, ভালোবাসা ও দোয়া প্রত্যাশা করছি। জনগণের মতামত ও সমর্থন নিয়েই আগামী দিনের পথচলা এগিয়ে নিতে চাই।”