
মোল্লাকান্দিতে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলিতে নিহত ১
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেলিম মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সেলিম মোল্লার মরদেহ বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ মোল্লা ও বিএনপি নেতা রহিম মোল্লার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার জের ধরে বৃহস্পতিবার ভোরে আবারও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই থেমে থেমে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। আতঙ্কে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারেননি। একপর্যায়ে সংঘর্ষ চরডুমুরিয়া থেকে সামারচরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেলিম মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংঘর্ষের পর থেকে মোল্লাকান্দির চরডুমুরিয়া ও সামারচরসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় দোকানপাট বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল অব্যাহত রয়েছে।