শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪ লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কামারখাড়ায় বিক্ষোভ ইতালির উন্নত জীবন ছেড়ে শেকড়ের টানে দেশে ফিরতে চান হাজী মোঃ সোহেল বেপারী, লক্ষ্য হাসাইল বানারীর মানুষের সেবা

রাত পোহালেই মুন্সীগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নেবে ২ হাজার ৮৬০ শিক্ষার্থী

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রাত পোহালেই মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলায় একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন’-এর পঞ্চম মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় শুরু হতে যাওয়া এ পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২ হাজার ৮৬০ জন শিক্ষার্থী অংশ নেবে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে আয়োজক কমিটি।

 

ব্যতিক্রমী এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট ১০০ নম্বরে। এর মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, তথ্যপ্রযুক্তি ও সাধারণ জ্ঞান বিষয়ে ৯০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা নেওয়া হবে। তবে এ আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো বাকি ১০ নম্বর বরাদ্দ রাখা হয়েছে বৃক্ষরোপণের জন্য। পরীক্ষার্থীদের নিজ হাতে গাছ লাগিয়ে পরিবেশ সচেতনতার পরিচয় দিতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

 

এদিকে বর্তমান ডিজিটাল যুগে শিক্ষার্থীদের ভার্চুয়াল আসক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখতেও বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি। স্ক্রিনটাইম কমিয়ে বাস্তবমুখী, সৃজনশীল ও সামাজিক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার বার্তা তুলে ধরছেন আয়োজকরা।

 

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেশি। মোট আবেদনকারীর মধ্যে ১ হাজার ৯৮৭ জন ছাত্রী এবং ৮৬৭ জন ছাত্র রয়েছে।

 

জেলার ছয়টি উপজেলায় নির্ধারিত ছয়টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো—সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৬০৫ জন, মুন্সীগঞ্জ সদরের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন সরকারি গার্লস হাই স্কুলে ৫৮৪ জন, শ্রীনগরের হাসাড়া কালীকিশোর স্কুল অ্যান্ড কলেজে ৫১৯ জন, টঙ্গিবাড়ীর বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ৪৫৩ জন, গজারিয়ার গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুলে ৪১০ জন এবং লৌহজং উপজেলার হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

 

পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা জানান, নিবন্ধন, প্রবেশপত্র, আসন বিন্যাস থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি প্রযুক্তিনির্ভর ও সহজ করতে সংগঠনের ওয়েবসাইট (www.manabseba.org) ব্যবহার করা হয়েছে।

 

তিনি বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হলেও এর অপব্যবহার থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি অতিরিক্ত নির্ভরতা কমিয়ে পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনে পরিবেশপ্রেমী ও সামাজিকভাবে দায়বদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। এ কারণেই মেধাবৃত্তি পরীক্ষায় বৃক্ষরোপণের জন্য ১০ নম্বর রাখা হয়েছে।

 

প্রচলিত মেধাবৃত্তি পরীক্ষার ধারার বাইরে গিয়ে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা এবং ভার্চুয়াল জগতের পাশাপাশি বাস্তবমুখী কাজে সম্পৃক্ত করার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষক ও অভিভাবকেরা। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি পরিবেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

একটি সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ পরীক্ষা উপহার দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews