
মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬-এর দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইনস মাঠে নির্বাচিত যোগ্য প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিনের কার্যক্রমে ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা নেওয়া হয়। প্রথম দিনের বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা এসব ইভেন্টে অংশগ্রহণ করেন।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. বদরুদ্দোজার সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে দুই দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর (ডেভেলপমেন্ট), বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স; টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম পিপিএম (ক্রাইম অ্যান্ড অপস) এবং নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান (ডিবি)।
এ সময় পুলিশ সুপার মো. বদরুদ্দোজা প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাই কোনো ধরনের প্রতারণার শিকার না হওয়ার জন্য তিনি প্রার্থীদের সতর্ক করেন। পাশাপাশি কোনো দালাল নিয়োগের প্রলোভন দেখিয়ে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানান। দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ সহযোগিতা করবে বলেও জানান তিনি।
এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।