
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময়
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এছানুল হক মিলন, এমপি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় অতিথিরা বলেন, একটি জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির মূল ভিত্তি হলো শিক্ষা। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সচেতন মানুষের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
তারা আরও বলেন, এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনই নয়, বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, সৃজনশীলতা এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হয়ে উঠবে। একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষকই পারেন একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা, সুযোগ-সুবিধা ও পেশাগত উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
অতিথিরা বলেন, শিক্ষার উন্নয়ন শুধু সরকারের একক দায়িত্ব নয়। শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগেই একটি উন্নত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব। শিক্ষার গুণগত মান নিশ্চিত করে আধুনিক, বিজ্ঞানমনস্ক, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
এ সময় গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।