
দালালমুক্ত নিয়োগের আশ্বাস দিয়ে মুন্সীগঞ্জে টিআরসি বাছাই শুরু
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের অক্টোবর-২০২৬ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানে অনুষ্ঠিত নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজা। এ ছাড়া নিয়োগ বোর্ডের সদস্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীর (ডেভেলপমেন্ট), বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স; টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আদিবুল ইসলাম পিপিএম (ক্রাইম অ্যান্ড অপস) এবং নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান (ডিবি) উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজা প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের দালাল বা প্রতারকের খপ্পরে না পড়ার আহ্বান জানান তিনি। কেউ নিয়োগের নামে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর পরামর্শ দেন। প্রয়োজনে সংশ্লিষ্ট দালালকে গ্রেপ্তারে পুলিশ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।
প্রথম দিনের এ কার্যক্রমে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ-সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।