
মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অক্টোবর-২০২৬ নিয়োগ পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে মুন্সীগঞ্জে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ বোরহান উদ্দিন মিলনায়তনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো. বদরুদ্দোজা।
ব্রিফিংয়ে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নির্ধারিত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেন পুলিশ সুপার। তিনি বলেন, নিয়োগ কার্যক্রমে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রকৃত যোগ্য প্রার্থী নির্বাচন নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।