
মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে সহিংসতার ঘটনায় ৫ জন গ্রেপ্তার, অস্ত্র-কার্তুজ ও ককটেল উদ্ধার
আপন সরদার, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে সহিংসতার ঘটনায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ওয়ান শুটার গান, ২৩ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ ও চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে।
পরে পুলিশ সুপার মো. বদরুদ্দোজার সার্বিক দিকনির্দেশনায় মুন্সীগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাকুহাটি গ্রামের নবু (৫০), চরডুমুরিয়া গ্রামের শরিফ খান (৪৬) ও আমির হোসেন (৩৮) এবং কংশপুরা গ্রামের জসিম হাজী (৩৮) ও আবু সাইদ (৩০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার নবুর কাছ থেকে একটি ওয়ান শুটার গান এবং অন্য আসামিদের কাছ থেকে মোট ২৩ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়া ওই এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।