
মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ
চিকিৎসাসেবাবঞ্চিত ও অসচ্ছল মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন ‘মেঠোপথে গজারিয়া’৮৯ ফাউন্ডেশনের উদ্যোগে এবং সৌদি আরবভিত্তিক আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চিকিৎসা সহযোগিতায় চতুর্থবারের মতো এ কর্মসূচির আয়োজন করা হয়। ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ চক্ষু পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও বিনা মূল্যে ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ চিকিৎসা কার্যক্রম চলে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চল থেকে নারী-পুরুষ, বিশেষ করে বয়স্ক রোগীরা অংশ নেন। চোখ পরীক্ষা শেষে ছানিজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে ৫০০ শতাধিক অস্ত্রোপচারের উপযোগীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা দেন আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ডা. আহমেদ তাহের হামিদ আলী, টিম লিডার ডা. সালমান আহমেদসহ ১২ জনের একটি চিকিৎসক দল। তাঁরা রোগীদের চোখের অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ দেন।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে নির্বাচিত ছানিপড়া রোগীদের ঢাকার কাকরাইলের মক্কা চক্ষু হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হবে। সেখানে চোখের লেন্স সংযোজনসহ ছানি অপারেশনের যাবতীয় ব্যয় বহন করা হবে। পাশাপাশি রোগীদের গজারিয়া থেকে ঢাকায় যাতায়াতের খরচও বহন করবে আয়োজক সংগঠন। ফলে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা অসচ্ছল রোগীরা বিনা খরচে অস্ত্রোপচারের সুযোগ পাবেন।
কর্মসূচি বাস্তবায়নে চক্ষু ক্যাম্প সহযোগিতা উপকমিটির আহ্বায়ক সরকার নাহিদুর রহমান জুয়েল ও সদস্যসচিব মো. আনিসুজ্জামান রুমি সমন্বয়ের দায়িত্ব পালন করেন। এ সময় ‘মেঠোপথে গজারিয়া’৮৯ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, আর্থিক অসচ্ছলতার কারণে গজারিয়ার অনেক দরিদ্র ও বয়স্ক মানুষ দীর্ঘদিন ধরে চোখের ছানিজনিত সমস্যায় ভুগলেও প্রয়োজনীয় অস্ত্রোপচার করাতে পারেন না। চিকিৎসার ব্যয়ের পাশাপাশি দূরবর্তী হাসপাতালে যাতায়াতও তাঁদের জন্য বড় প্রতিবন্ধকতা। এসব সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে শুধু প্রাথমিক চিকিৎসা নয়, অস্ত্রোপচার ও যাতায়াতের ব্যয় বহনের উদ্যোগ নেওয়া হয়েছে।
চিকিৎসাসংশ্লিষ্টদের মতে, চোখের ছানি সময়মতো শনাক্ত ও অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসাযোগ্য। তাই স্থানীয় পর্যায়ে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা, রোগী শনাক্তকরণ এবং পরবর্তী অস্ত্রোপচারের ব্যবস্থা দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে থাকা মানুষের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করছে।
টানা চতুর্থবারের মতো এ কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে ‘মেঠোপথে গজারিয়া’৮৯ ফাউন্ডেশন স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবী উদ্যোগে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ভূমিকা রাখছে।