
আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, অপহরণ ও মাদকসহ ১৪টি মামলার তালিকাভুক্ত এবং অস্ত্র মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মিজানুর খান (৪০) কে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) শ্রীনগর থানাধীন বাঘড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিজানুর খান বাঘড়া এলাকার খোরশেদ খানের ছেলে। মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জের দিকনির্দেশনায় শ্রীনগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও মাদকসহ ১৪টি মামলার সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়া অস্ত্র মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল।
গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।