
‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসেম সরদার, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য পুনর্গঠনের মাধ্যমে দেশে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুরে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিওর মাধ্যমে উসকানি দিয়ে অগ্নিসন্ত্রাস ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। তবে সরকার আইনানুগ, শান্তিপূর্ণ ও ধৈর্যশীলতার সঙ্গে এসব পরিস্থিতি মোকাবিলা করবে।
তিনি বলেন, থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। কোনো অপশক্তিকে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে দেওয়া হবে না।
শিল্পাঞ্চলের অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের মাধ্যমে তাদের দাবি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরও কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের নাগরিক অধিকার সমান বলেও উল্লেখ করেন তিনি।
খতমে নবুওয়াত সম্মেলনের দাবির বিষয়ে মন্ত্রী বলেন, দাবিগুলো আইনগতভাবে বাস্তবায়নের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। যেসব দাবি সম্ভব, সেগুলো সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়েই বাস্তবায়ন করা হবে।
বিগত সরকারের সমালোচনা করে তিনি শাপলা চত্বরের ঘটনার বিচার প্রসঙ্গে বলেন, এ ঘটনায় দায়ের করা মামলার সূত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এ ঘটনার বিচার হবে বলেও জানান তিনি।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুর পীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
তিন দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিনে শুক্রবার কয়েক হাজার আলেম-ওলামা ও মুসল্লি অংশগ্রহণ করেন।