
টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩৫টি চায়না চাই জব্দ
আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩৫টি চায়না চাই জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব অবৈধ জাল ও সরঞ্জাম বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে চর আব্দুল্লাহপুর নৌপুলিশের সহযোগিতায় হাসাইল,দিঘিরপাড়, কামারখাড়া নদীপথে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা।
মা ইলিশের প্রজনন রক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ জালের ব্যবহার ও নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধে প্রশাসনের এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা বলেন, “মা ইলিশ সংরক্ষণে অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”