
টঙ্গীবাড়ীতে নিসচার উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
টঙ্গীবাড়ী প্রতিনিধি:
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সচেতনতামূলক শিক্ষার্থী সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গীবাড়ী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার উত্তর বেতকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভিডিও চিত্রের মাধ্যমে ট্রাফিক সিগন্যাল ও সড়ক নিরাপত্তাবিষয়ক বিভিন্ন সচেতনতামূলক বিষয় তুলে ধরা হয়। এ সময় সড়কে চলাচলের নিয়ম, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদে রাস্তা পারাপারের নিয়ম ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীসহ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।
নিসচা টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. খোরশেদ আলম শেখ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং নিসচা টঙ্গীবাড়ী উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক মাসুদ হোসেন, সহসাধারণ সম্পাদক সার্ভেয়ার কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাত্তার হোসেন নয়ন, অর্থবিষয়ক সম্পাদক আক্কাস বেপারী, সমাজকল্যাণ ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. বাবুল শেখ, কার্যকরী সদস্য কুদ্দুস শেখ, রিয়াজুল ইসলাম ও কামাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।