
মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে সংঘর্ষের ঘটনায় মিল্টন মল্লিকসহ গ্রেপ্তার ৩
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মিল্টন মল্লিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৫টার দিকে পূর্ব মাকহাটি এলাকায় এ মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় মুন্সীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল মোল্লাকান্দি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাকহাটি গ্রামের মৃত বারেক মল্লিকের ছেলে মিল্টন মল্লিক (৪৭), টরকি গ্রামের সৈয়দ আব্দুল হামিদের ছেলে মো. নুরন্নবী (৩৭) এবং পূর্ব মাকহাটি গ্রামের দ্বীন ইসলাম বেপারীর ছেলে মো. আল আমিন বেপারী (২৩)। তাঁরা সবাই মুন্সীগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মিল্টন মল্লিকের বিরুদ্ধে ১৪টি এবং নুরন্নবীর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।