
মালয়েশিয়া যুবদলের সহসভাপতি হওয়ায় হাকিম দেওয়ানকে সংবর্ধনা
আপন সরদার, টঙ্গীবাড়ী প্রতিনিধি: মালয়েশিয়া যুবদলের নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুল হাকিম দেওয়ানকে সংবর্ধনা দিয়েছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন নেতাকর্মীরা।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপি ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আব্দুল হাকিম দেওয়ান দীর্ঘদিন ধরে মালয়েশিয়া যুবদলের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২৯ সেপ্টেম্বর মালয়েশিয়া যুবদলের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে তাঁকে সহসভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন মোল্লা, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হালদার, উপজেলা জাসাসের সভাপতি মো. শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. ফিরুজ দেও, কামারখাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মাদবর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সৈয়াল, বিএনপি নেতা আবুল কালাম, যুবদল নেতা মো. আবিদুল বেপারী, কামাল শেখ ও শামীম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলামিন মালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মোল্লা।