
মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়ন, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক কলেজের ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন এবং বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ভালো প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। কলেজের শিক্ষকস্বল্পতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন জেলা প্রশাসক।
পরে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।