
সিরাজদিখানে সেতুর অভাবে তিন ইউনিয়নের মানুষের দুর্ভোগ, গুদারা ঘাটে সেতু নির্মাণের দাবি
মুন্সীগঞ্জ প্রতিনিধি: একটি স্থায়ী সেতুর অভাবে বছরের পর বছর ধরে নদী পারাপারে চরম দুর্ভোগ পোহাচ্ছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার তিনটি ইউনিয়নের বাসিন্দারা। ভূইরা-দোসরপাড়া গুদারা ঘাটে সেতু না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানালেও এখনো মেলেনি স্থায়ী সমাধান।
উপজেলার ১০ নম্বর বয়রাগাদি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত গুদারা ঘাট। নদীর এক পাশে ভূইরা গ্রাম, অন্য পাশে দোসরপাড়া। ঘাটটি শুধু দুটি গ্রামের মানুষের যোগাযোগের মাধ্যম নয়, বয়রাগাদি, লতব্দী ও বালুচর—এই তিন ইউনিয়নের মানুষের যাতায়াতের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিদিন এ ঘাট দিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, চাকরিজীবীদের কর্মস্থলে পৌঁছানো, ব্যবসায়ীদের পণ্য পরিবহনসহ নানা প্রয়োজনে মানুষের চলাচল করতে হয়। তবে স্থায়ী সেতু না থাকায় বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশি। জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগীদের নদী পারাপার নিয়েও উদ্বেগে থাকতে হয় স্বজনদের।
স্থানীয়দের দাবি, গুদারা ঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে তিনটি ইউনিয়নের মানুষের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। সহজ হবে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের কার্যক্রম। পাশাপাশি এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
এত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগস্থলে দীর্ঘদিনেও সেতু নির্মাণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাঁদের প্রশ্ন, প্রতিদিনের এই দুর্ভোগের অবসান ঘটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ কবে বাস্তবায়িত হবে?
এলাকাবাসীর প্রত্যাশা, জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত ভূইরা-দোসরপাড়া গুদারা ঘাটে স্থায়ী সেতু নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।