
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে হাসাইল-বানারীতে আলোচনা সভা
আপন সরদার টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের দাতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। হাসাইল-বানারী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মনির হোসেন শেখ এর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. জামান এপোলোর সঞ্চালনায় সভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় এম.এ. জামান এপোলো বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং প্রয়োজনীয় আলোচনা করতেই এ সভার আয়োজন করা হয়েছে। ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং এ বিষয়ে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়াও সভার অন্যতম উদ্দেশ্য।
বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কাউকে অযথা দৌড়াদৌড়ি করতে হবে না। সংশ্লিষ্ট প্রতিনিধিরা নিজেরাই প্রতিটি পরিবারের বাড়িতে গিয়ে যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। প্রয়োজনে একটি পরিবারের বাড়িতে একবারের পরিবর্তে তিনবারও যাওয়া হতে পারে। তাই এ বিষয়ে কাউকে হতাশ না হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসনিকভাবে লোক নিয়োগ দেওয়া হয়েছে। এর বাইরে কেউ ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে অর্থ দাবি করলে বা এ ধরনের প্রস্তাব নিয়ে যোগাযোগ করলে তাদের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। ফ্যামিলি কার্ড দেওয়ার নামে কোনো ব্যক্তি বা চক্রের কাছে অর্থ লেনদেন না করার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফ্যামিলি কার্ড কার্যক্রমের উপজেলা সুপারভাইজার শওকত আহমেদ, হাসাইল-বানারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিডিআর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল গাজী, যুবদল নেতা মিজান বেপারী, হানিফ শেখ, জাহাঙ্গীর হোসেন, আমিনুল সরদার,কামরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।