
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাকির হোসেন জমাদ্দার। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন সরকার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ্ সালাহ উদ্দিন ফারুক, শিলই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাঈদ বেপারী, সাবেক সভাপতি সেকান্দর বাদশা, ইউনিয়ন পরিষদের সদস্য নূরুল হক নূরু, মুন্সীগঞ্জ সদর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম ওসমান এবং শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির সভাপতি শাহিন মোল্লা।
মতবিনিময় সভায় বক্তারা মাদক ও বাল্যবিবাহের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরেন। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।