
মুন্সীগঞ্জে চোরাই বাইসাইকেল উদ্ধার, দুইজন গ্রেপ্তার
আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে চোরাই বাইসাইকেল ক্রয়-বিক্রয়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৪২টি বাইসাইকেল ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বাইসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২ টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
পুলিশের তথ্য অনুযায়ী, একটি চক্র দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে চোরাই বাইসাইকেল সংগ্রহ করে ক্রয়-বিক্রয় করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টঙ্গীবাড়ী থানাধীন বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।
অভিযানকালে শাহজাহান মুন্সী ও মো. শামীম শেখের ভাড়া নেওয়া গোডাউনে তল্লাশি চালিয়ে ৩৩টি মাঝারি আকারের ও ৯টি ছোট আকারের বাইসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাহজাহান ওরফে শাহজাহান মুন্সী (৬৫) এবং মো. শামীম শেখ (২৮)। তারা দুজনই মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের বিলের পাড় সানবাড়ী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধার করা বাইসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করা এবং চোরাই মালামাল ক্রয়-বিক্রয় প্রতিরোধে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।