
নিজস্ব প্রতিবেদন
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় চরাঞ্চলে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম মোটরসাইকেল। সড়ক যোগাযোগের সীমাবদ্ধতার কারণে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে গড়ে উঠেছে ভাড়ায় মোটরসাইকেল পরিবহন ব্যবস্থা। তবে এই ব্যবস্থার আড়ালে চরাঞ্চলে বাড়ছে অবৈধভাবে ‘টানা মোটরসাইকেল’ চলাচলের অভিযোগ। বিশেষ করে লিটু খান বাজারকেন্দ্রিক কয়েক কিশোরের বেপরোয়া মোটরসাইকেল চালানো, উচ্চ শব্দে হর্ন বাজানো ও যাত্রী পরিবহনে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় বাসিন্দারা জানান, অল্প বয়সী কয়েকজন কিশোর কোনো ধরনের নিয়মকানুন না মেনেই মোটরসাইকেল নিয়ে সড়কে চলাচল করছে। অনেক সময় তারা দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর পাশাপাশি বিকট শব্দে হর্ন বাজিয়ে পথচারীদের আতঙ্কিত করছে। চরাঞ্চলের সরু সড়কে এ ধরনের বেপরোয়া চলাচলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন শিশু, বয়স্ক ও সাধারণ পথচারীরা। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা যায়, সড়ক যোগাযোগের সীমাবদ্ধতার কারণে চরাঞ্চলে মোটরসাইকেল এখন যাতায়াতের গুরুত্বপূর্ণ বাহন। অনেকেই শোরুম থেকে নতুন মোটরসাইকেল কিনে ভাড়ায় যাত্রী পরিবহন করছেন। এতে স্থানীয়দের চলাচলে কিছুটা স্বস্তি ফিরলেও বৈধ পরিবহনের পাশাপাশি অবৈধভাবে টানা মোটরসাইকেল চলাচলের অভিযোগ পুরো ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে।
নাম প্রকাশ না করার শর্তে ভাড়ায় মোটরসাইকেল চালানো এক ব্যক্তি বলেন, ‘আমরা বিশেষ করে শরীয়তপুরের বাজাজ শোরুম থেকে নতুন মোটরসাইকেল কিনে নিয়ে আসি। আমাদের কাছে মোটরসাইকেল কেনার শোরুমের কাগজপত্র রয়েছে। নিয়ম মেনেই যাত্রী পরিবহন করি। কিন্তু এখানে অনেকেই অবৈধভাবে টানা মোটরসাইকেল চালায়। তাদের কারণে বৈধভাবে মোটরসাইকেল চালানো লোকজনেরও বদনাম হচ্ছে।’
এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘চরাঞ্চলে যাতায়াতের জন্য মোটরসাইকেল ছাড়া তেমন কোনো বিকল্প নেই। ভাড়ায় মোটরসাইকেল চলাচল আমাদের জন্য প্রয়োজনীয়। কিন্তু কিছু কিশোর যেভাবে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায়, তাতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।’
আরেক বাসিন্দার ভাষ্য, রাস্তায় চলাচলের সময় হঠাৎ বিকট শব্দে হর্ন বাজিয়ে মোটরসাইকেল চালিয়ে যায় কেউ কেউ। এতে শিশু ও বয়স্ক ব্যক্তিরা রাস্তা পারাপারের সময় আতঙ্কে থাকেন। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।
এলাকাবাসীর দাবি, চরাঞ্চলে মানুষের যাতায়াতের স্বার্থে বৈধভাবে ভাড়ায় মোটরসাইকেল চলাচল অব্যাহত রেখে অবৈধভাবে টানা মোটরসাইকেল চলাচল বন্ধ করতে হবে। বৈধ কাগজপত্র ছাড়া চলাচলকারী মোটরসাইকেল চিহ্নিত করে জব্দ এবং অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো ও উচ্চ শব্দে হর্ন বাজানো বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বলেন, ‘এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’