
মুন্সীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রমকে সুষ্ঠু, স্বচ্ছ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় মুন্সীগঞ্জ পুলিশ লাইনসের শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে পরিচালিত হবে। তিনি নিয়োগ ডিউটিতে নিয়োজিত কর্মকর্তা ও সদস্যদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন এবং সর্বোচ্চ সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, যোগ্য ও মেধাবী প্রার্থীদের বাছাই নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ স্বচ্ছ ও জবাবদিহিতার মাধ্যমে সম্পন্ন করা হবে।
এ সময় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর Physical Endurance Test (PET) কার্যক্রমে মুন্সীগঞ্জ জেলা পুলিশ রিক্রুটমেন্ট টিমকে সার্বিক সহায়তা প্রদানের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইব্রাহিম খলিল, এআইজি (ডেভেলপমেন্ট), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
এছাড়া নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কাজী মোঃ মুনাদির ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ঢাকা এবং জনাব আজমীর হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ফরিদপুর।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে আসন্ন নিয়োগ কার্যক্রম সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।