
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে টঙ্গিবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল
টঙ্গিবাড়ী প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে ফজুশা বাজারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও যুবসমাজ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা যুবসমাজসহ পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি প্রশাসনের চলমান মাদকবিরোধী অভিযানে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, সম্প্রতি আড়িয়ল ইউনিয়নের নিতিরা গ্রামের কামাল শেখের বাড়ির এক ভাড়াটিয়াকে স্থানীয়রা ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বলে দাবি করেন। এরপর ওই ব্যক্তির পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল মেম্বার এবং প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়েছেন বলেও অভিযোগ করেন তারা।
তাদের দাবি, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের বিরুদ্ধে ছড়ানো এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা ফজুশা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন স্লোগান দেন।
এ সময় উপস্থিত ছিলেন আড়িয়ল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য তোফাজ্জল মেম্বার, সাবেক ইউপি সদস্য বাবুল হালদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শান্ত, সমাজসেবক খোরশেদ মাঝি, মিজান মাঝি, বিল্লাল মাতবর, করিম মাঝি, লাভলু শেখ, রহিম মাঝি, বাসার বেপারী, দেলোয়ার মেম্বার, জুলহাস হালদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা ও যুবসমাজ।
বক্তারা শেষে বলেন, মাদকমুক্ত টঙ্গিবাড়ী গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সমাজের প্রতিটি স্তরের মানুষ একযোগে কাজ করলে মাদক নির্মূল করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।