
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার দিয়ে জমি ভরাট, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গিবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ড্রেজারের মাধ্যমে ফসলি জমি ভরাট করে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত উপজেলার কামারখাড়া ইউনিয়নের বাগবাড়ি বড়াইল এলাকায় পদ্মা নদীর তীরসংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ড্রেজারের মাধ্যমে ফসলি জমি ভরাট করে জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় উপজেলা প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী।
অভিযানকালে বালু ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে জব্দ করা ড্রেজারের পাইপ ও মেশিন তাৎক্ষণিকভাবে বিনষ্ট ও অপসারণ করা হয়।
টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী বলেন, অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন ও ড্রেজারের মাধ্যমে জমি ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।