
ধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি দীন ইসলাম হাওলাদার দিপুকে সংবর্ধনা
টঙ্গীবাড়ী প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় দীন ইসলাম হাওলাদার দিপুকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম মজুমদার।
সভাপতির বক্তব্যে দীন ইসলাম হাওলাদার দিপু বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি, শিক্ষক-অভিভাবকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং শিশুদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে তিনি কাজ করবেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আখতার হোসেন মোল্লা অভিভাবকদের সন্তানদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিক্ষকদের সন্তানস্নেহে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের নৈতিক বিকাশে ভূমিকা রাখার অনুরোধ করেন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নতুন ব্যবস্থাপনা কমিটিকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় চেয়ারম্যান আখতার হোসেন মোল্লা বিদ্যালয়ের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নতুন ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক পরিবেশের আরও উন্নয়ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।