
নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময়
টঙ্গীবাড়ী প্রতিনিধি:
‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩ টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গীবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে টঙ্গীবাড়ী উপজেলায় যানজট নিরসন, সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পথচারী, চালক ও সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় জেলা পরিষদ প্রশাসক যানজট নিরসনে চালক, মালিক, শ্রমিক ও ব্যবসায়ীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। তিনি নিসচা টঙ্গীবাড়ী উপজেলা শাখার বিভিন্ন কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ বেপারী, সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপু, সহ-সাধারণ সম্পাদক মাসুদ হোসেন বেপারী, সহ-সাধারণ সম্পাদক সার্ভেয়ার কামাল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে মাসব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।