
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন
টঙ্গীবাড়ী প্রতিনিধি:
‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সচেতনতামূলক রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গীবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ ক্যাম্পেইনে পথচারী, চালক, যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। এ সময় সড়কে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং, অতিরিক্ত গতি পরিহার এবং পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক ও সাধারণ মানুষের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন ধরনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
নিরাপদ সড়ক চাই টঙ্গীবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ নয়, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোও জরুরি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, পথচারী, যাত্রীসহ সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।